বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের বহুনির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিল ফলাফল প্রকাশ করে। পরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় জাইমা রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জাইমা রহমান বলেন, আলহামদুলিল্লাহ, সবার সঙ্গে একটি ব্যক্তিগত সাফল্যের সংবাদ ভাগাভাগি করতে চাই। দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

জানা গেছে, এবারের পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, এ বছর বহুনির্বাচনী পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষার্থীদের বহুনির্বাচনী, লিখিত ও মৌখিক এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সব ধাপ সফলভাবে সম্পন্ন করলে তারা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করার সুযোগ পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা দিয়ে থাকে বার কাউন্সিলের তালিকাভুক্তি কমিটি।

এনএফ৭১/একে



বিষয়:



Top