‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, আদালতে দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৪৩ এএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা জেল আপিলে নিজের অপরাধের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, “আমি ভুল করেছি, ক্ষমা চাই।”
রোববার উচ্চ আদালতে দাখিল করা জেল আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি দাবি করেন, চরম আর্থিক সংকট, পারিবারিক অশান্তি এবং মাদকাসক্তির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ওই অবস্থায় ঘটনাটি ঘটেছে বলে তার দাবি।
জবানবন্দিতে সোহেল রানা বলেন, তিনি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিলেন। মাদকাসক্তির কারণে পরিবারে প্রায়ই কলহ ও অশান্তি লেগে থাকত। এর আগে তিনি কোনো অপরাধে জড়িত ছিলেন না বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আর্থিক কষ্ট, পারিবারিক অস্থিরতা এবং মাদকাসক্তির কারণে ঘটনাটি ঘটেছে। কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তিনি বুঝতে পারেননি বলেও দাবি করেন। একই সঙ্গে নিজের একমাত্র সন্তানের পড়াশোনা ও পরিবারের ভবিষ্যতের কথা উল্লেখ করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
অন্যদিকে, একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে জেল আপিলে খালাস চেয়েছেন।
এর আগে গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে সোহেল রানা ও স্বপ্না আক্তার উচ্চ আদালতে জেল আপিল করেন। রোববার তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
এনএফ৭১/একে
বিষয়:
