জুলাই হত্যা মামলা: হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০২:৩৩ এএম
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করা হতে পারে।
বুধবার (১০ জুন) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
এর আগে গত ৭ জুন রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। পরে ৮, ৯ ও ১০ জুন আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন।
রাষ্ট্রপক্ষের দাবি, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর আলীর বক্তব্য ও আসামিদের নির্দেশনার ধারাবাহিকতায় আন্দোলন দমনের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রসিকিউশন এসব ঘটনাকে পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে।
মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা এই মামলায় হানিফসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
বর্তমানে মামলার চার আসামিই পলাতক রয়েছেন।
বিষয়:
