দুবাই থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরাতে সরকারের কূটনৈতিক উদ্যোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার।

স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) যৌথভাবে প্রত্যর্পণ কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাবে, এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা দুবাই কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

দুদক এরই মধ্যে বেনজীরের বিরুদ্ধে মামলার নথিপত্র ও গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত করছে। আইন অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ কার্যদিবসের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠানো বাধ্যতামূলক।

সরকারি সূত্র বলছে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পূর্ণ বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) কাঠামোর মাধ্যমে অতীতেও আসামি ফেরত আনার নজির রয়েছে।

ইন্টারপোল ইতোমধ্যে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে এবং তাকে ‘ডেঞ্জারাস’ ও ‘এস্কেপ রিস্ক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ফেরত আনার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাতের আদালত।

বিশেষজ্ঞ ও পুলিশ কর্মকর্তারা বলছেন, সফল প্রত্যর্পণের জন্য অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ, শক্তিশালী কূটনৈতিক যোগাযোগ এবং আইনি নথির যথার্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

অন্যদিকে অতীতে কিছু রেড নোটিশধারী আসামিকে ফেরানো গেলেও অনেক ক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়ার কারণে প্রত্যর্পণ ব্যর্থ হওয়ার নজিরও রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার প্রক্রিয়া নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।



বিষয়:



Top