আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:৫৭ এএম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দেওয়া রায়ের ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ রায়ে সাক্ষ্য-প্রমাণের মূল্যায়ন, বিচারিক বিশ্লেষণ এবং বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতায় আবু সাঈদ হত্যাকাণ্ডকে প্রথম ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মামলার বিচারকার্য স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে পরিচালিত হয়েছে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড, আটজনকে ৫ বছরের কারাদণ্ড এবং ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একজন আসামির ক্ষেত্রে হাজতে কাটানো সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করে তার দণ্ড ভোগ সম্পন্ন হয়েছে বলে বিবেচনা করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top