বিয়ে-সংক্রান্ত মামলায় নাসির-তামিমা খালাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:০৯ পিএম
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত বিয়ে-সংক্রান্ত মামলায় উভয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দীর্ঘ প্রায় পাঁচ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১০ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলাটি দায়ের করেন তামিমা সুলতানার সাবেক স্বামী দাবি করা রাকিব হোসেন। তার অভিযোগ ছিল, বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। তবে নাসির ও তামিমা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং দাবি করেন, আগের বিয়ে আইনগতভাবে শেষ হওয়ার পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হোসেন ও তামিমা সুলতানার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিয়ের ছবি প্রকাশ্যে এলে বিষয়টি আলোচনায় আসে। এরপর একই বছরের ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন রাকিব হোসেন।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান আদালতে প্রতিবেদন জমা দেন, যেখানে নাসির, তামিমা ও তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০২৩ সালের ২০ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ২০২৫ সালের ১৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর চলতি বছরের মার্চে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি এবং পরে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।
গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ১০ জুন রায়ের দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান দাবি করেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং দণ্ডের দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে খালাস চান।
শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন আদালত।
এনএফ৭১/ওতু
বিষয়:
