রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে কঠোর নিরাপত্তার মধ্যে সকালে প্রথমে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সোহেল রানাকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনা হয়। এরপর তাদের হাজতখানায় রাখা হয় এবং পরে রায় ঘোষণার জন্য এজলাসে তোলা হয়। বেলা ১১টার পর বিচারক রায় পড়া শুরু করেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীতে ঘটনাটি ঘটে। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং মরদেহ গুমে সহায়তার অভিযোগ আনা হয়।
পরে পুলিশ তদন্ত শুরু করে এবং চার দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়। এতে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়।
এর আগে অভিযোগ গঠনের পর বিচার কার্যক্রম শুরু হয়। মাত্র কয়েক দিনের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়।
মামলার বিবরণে বলা হয়, রামিসাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেয় স্বপ্না। পরে তাকে হত্যা করা হয়। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং স্বপ্না খাতুনকে পুলিশ হেফাজতে নেয়।
এনএফ৭১/একে
বিষয়:
