শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বহুল আলোচিত এ মামলার রায় পাঠ শুরু হয়।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

এদিকে মেয়ের হত্যার মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের উপস্থিতিও দেখা যায়।

এর আগে গত বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত আজকের দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, রামিসা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে মেয়েকে খুঁজতে গিয়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। এরপর গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top