রামিসা হত্যা মামলার রায় ঘোষণা বেলা ১১টায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার বহুল আলোচিত রায় আজ ঘোষণা হতে পারে। রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
সকালে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলোচিত এ মামলার রায় বেলা ১১টার দিকে ঘোষণা করা হতে পারে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে আনা হয়। একই মামলার অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও আদালতে হাজির করা হয়েছে। রায় ঘোষণার আগ পর্যন্ত দুজনকে হাজতখানায় রাখা হয়েছে।
মামলার রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। এদিকে রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মাত্র চার কার্যদিবসে মামলার বিচারকাজ সম্পন্ন হয়। এর আগে ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ২ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে অধিকাংশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরে আত্মপক্ষ সমর্থনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকালে পপুলার মডেল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে নিজেদের বাসায় নিয়ে যান স্বপ্না আক্তার। পরে শিশুটির খোঁজ করতে গিয়ে তার বাবা-মা সোহেলের বাসার সামনে মেয়ের জুতা দেখতে পান। একপর্যায়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শয়নকক্ষ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন নিহত শিশুর বাবা।
এনএফ৭১/একে
বিষয়:
