শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ০৬:১৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। আলোচিত এ মামলাটি মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক কার্যক্রমের শেষ ধাপে পৌঁছেছে। মামলা দায়েরের কয়েক দিনের মধ্যেই অভিযোগপত্র জমা, অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে ঘটনাটি ঘটে। পরদিন ভুক্তভোগী শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গোপনের চেষ্টার অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে ২৪ মে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ১৮ জনকে সাক্ষী করা হয়। পরে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হলে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

ঈদের ছুটি শেষে ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরদিন অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এরপর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। অন্যদিকে আসামিপক্ষ শাস্তি লঘু করার আবেদন জানায়।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং এমন নৃশংস অপরাধ প্রবণতা কমবে।

উল্লেখ্য, রামিসা আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে তাকে হত্যার পর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top