রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজধানীর পল্লবীর বহুল আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন (রোববার) ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন আদালত।
ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এদিন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ দুই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করলেও আসামিপক্ষের আইনজীবী যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান।
এর আগে বুধবার আত্মপক্ষ সমর্থনে আদালতে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন প্রধান আসামি সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন।
মঙ্গলবার মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তারসহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
গত ১ জুন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গুমের অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যা একই দিন আমলে নেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর আট বছরের শিশু রামিসাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যায় অভিযুক্ত দম্পতি। পরে শিশুটিকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়:
