বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
রাজধানীর মিরপুরে বৃদ্ধা মা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় আলোচনার মধ্যে তার ছেলে যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।
গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিনের পুরোনো ছিল এবং পচন ধরে পোকা পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি পুলিশকে জানান। এছাড়া বাসাটি ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো।
পল্লবী থানার ওসি মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। তার এক ছেলে যুগ্মসচিব এবং অপর ছেলে বুয়েটের শিক্ষক। মেয়েও একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।
বৃদ্ধা মায়ের এমন করুণ মৃত্যুর ঘটনায় সন্তানদের দায়িত্ব ও অবহেলা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভরণপোষণ আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রাখা হচ্ছে।
বিষয়:
