সাগর-রুনি হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই, কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল
নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আশানুরূপ অগ্রগতি না হওয়ার কারণ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, মামলার আগের তদন্ত কর্মকর্তাদের বর্তমান টাস্কফোর্স খুঁজে পাচ্ছে না। এছাড়া ঘটনার গুরুত্বপূর্ণ আলামত ও নথিপত্রেরও অনেক অংশ অনুপস্থিত রয়েছে।
বুধবার (৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাগর-রুনির সন্তান মেঘ এবং মামলার বাদী রুনির ভাই নওশের রোমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল জানান, তদন্তের ধারাবাহিকতা না থাকায় নতুন তদন্ত দল নানা জটিলতার মুখোমুখি হচ্ছে। ঘটনার পর ক্রাইম সিনে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেককেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আলামত ও নথিপত্রের একটি অংশও অনুপস্থিত।
তিনি বলেন, “ঘটনার তদন্তের চেইন অব অ্যাকশন নেই। সে সময় যারা ঘটনাস্থলে গিয়েছিলেন, তাদের কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তদন্ত এগিয়ে নিতে বেগ পেতে হচ্ছে।”
তবে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রেখে তদন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসময় বাবা-মা হত্যার বিচার চেয়ে মেঘ তার প্রত্যাশার কথা তুলে ধরেন। অ্যাটর্নি জেনারেল তাকে আশ্বস্ত করে বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, অতীতের তদন্তে সংগৃহীত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও জবানবন্দি এখনও নথিভুক্ত অবস্থায় রয়েছে। এছাড়া দুটি ডিএনএ রিপোর্টও রয়েছে, যার একটি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে করা হয়েছিল।
তিনি বলেন, “তদন্তের অগ্রগতির বিষয়গুলো পরিবারকে জানানো হলে এবং আদালতের মাধ্যমে প্রগতি প্রতিবেদন পাওয়া গেলে তারা কিছুটা আশার আলো দেখতে পাবে।”
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন কিংবা প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারেনি কোনো তদন্তকারী সংস্থা। মামলাটি এখনও তদন্তের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বিষয়:
