আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু:

আদ্-দ্বীনের নিজস্ব তদন্ত শেষ, এখন নজর সরকারি তদন্ত প্রতিবেদনে

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০৩:০২ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত হাসপাতালের নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রতিবেদনটি জমা দিলেও এর বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানিয়েছেন, হাসপাতালের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষও সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের তদন্তের ফলাফল তুলে ধরবে।

এর আগে প্রতিবেদন প্রকাশে সংবাদ সম্মেলনের উদ্যোগ নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। একই দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে হাসপাতালটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

গত ২৭ মে ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন অনিয়ম ও অসংগতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানিয়েছেন, সরকারের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন সরাসরি মন্ত্রণালয়ে জমা দেবে। তদন্ত কার্যক্রমে স্বাধীনতা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি বলেও তিনি জানান।



বিষয়:



Top