রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ শুনানি শেষ, কাল যুক্তিতর্ক

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ০১:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। মামলার পরবর্তী ধাপ হিসেবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিকালে বিচারক আসামি সোহেল রানার কাছে কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি নির্দোষ স্যার। আমাকে মাফ করে দিন। আমি খালাস চাই।”

একই সঙ্গে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে অন্য ব্যক্তিরাও জড়িত থাকতে পারে। অপর আসামি স্বপ্না খাতুনও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) রামিসার বাবা-মা, বোন, স্বজন, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য সমাপ্তির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এবং আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই বাসার বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলাকালে সোহেল আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

 
 


বিষয়:



Top