আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ব্যারিস্টার সুমন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধি জারি নিষ্পত্তির নির্দেশও দেন আদালত।

আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এ সময় জামিন আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সত্যায়িত হিসাবে দেওয়া এক বার্তায় তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। সবাই দোয়া করবেন।”

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তাকে জামিন প্রদান করেন এবং একটি বিধি জারি করেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে।

এনএফ৭১/একে



বিষয়:



Top