ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন রামিসার মা-বাবা ও বোন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন বেগম ও বোন রাইসা আক্তার।
মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রামিসার চাচা এ কে এম নজরুল ইসলাম ও চাচিও আদালতে সাক্ষ্য দেন।
সাক্ষ্য দেওয়ার সময় রামিসার মা ঘটনার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে বলেন, আসামি স্বপ্না আক্তারের কাছে বারবার দরজা খোলার অনুরোধ করা হলেও তিনি দরজা খোলেননি। বরং প্রধান আসামি তার স্বামী সোহেল রানাকে পালাতে সহযোগিতা করেন বলে অভিযোগ করেন তিনি।
সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে আদালতে এসে রামিসার বাবা প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।
এর আগে সোমবার দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর রামিসার মস্তকবিহীন মরদেহ আসামি সোহেল রানার বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়ার পর সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
বিষয়:
