পল্লবী শিশু রামিসা হত্যা মামলা, চার্জগঠন শুনানি শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১১:৫৯ এএম

সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয় এবং এরপর আদালতে চার্জগঠন সংক্রান্ত শুনানি শুরু হয়।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আদালত গত ২৪ মে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আজকের দিনটি নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তা গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রোববার (৩১ মে) এক অনুষ্ঠানে বলেন, রামিসা হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন করবে। তিনি জানান, মামলার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় আদালত ন্যায়বিচার অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে রামিসা আক্তার ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং এক পর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে তার একটি স্যান্ডেল দেখতে পান।

দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শোবার ঘরে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমে আলাদা করে রাখা মাথা পাওয়া যায় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা। গ্রেপ্তারের পর আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top