রামিসা হত্যা মামলায় চার্জগঠন শুনানি আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১০:২৪ এএম
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে সোমবার (১ জুন) আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। চার্জগঠন সম্পন্ন হলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
গত ২৪ মে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ শুনানির দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গমেজ।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, চার্জগঠনের শুনানির মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আদালতের অবকাশকালীন ছুটি ১৫ জুন পর্যন্ত থাকলেও এই মামলাটি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকের ছুটি সরকারিভাবে বাতিল করেছে। ফলে মামলার বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে ২৪ মে আদালত রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয় এবং মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেয়।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত সেদিন অভিযোগপত্র দেখে মামলাটি বদলির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ।
তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে একই ঘটনায় সহায়তার অভিযোগ আনা হয়েছে।
মামলায় মোট ১৮ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
