পারভেজ হত্যা মামলায় চার্জশিট, দুই ছাত্রীসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

সংগৃহীত

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আদালতে চার্জশিট জমা দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা, মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি (পিয়াস), মাহাথির হাসান, আল কামাল শেখ (কামাল), আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি ও রাকিব। এদের মধ্যে পিয়াস, ঐশী ও রাকিব পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।

চার্জশিটে উল্লেখ করা হয়, ১৯ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে মিডটার্ম পরীক্ষা দিতে যান টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ। পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের ফুটপাতে অবস্থানকালে এক ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে অপর একটি শিক্ষার্থী গ্রুপের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল ব্যবস্থাপনায় উভয় পক্ষকে বসিয়ে বিষয়টির মীমাংসা করা হয়। চার্জশিট অনুযায়ী, প্রক্টর রুমে আলোচনার সময় পারভেজ দুই ছাত্রীকে ‘বোন’ সম্বোধন করে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন এবং উভয় পক্ষ কোলাকুলির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেন।

তবে মীমাংসার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের বাইরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, কয়েকজন অভিযুক্ত প্রথমে পারভেজের বন্ধু তরিকুল ইসলামকে মারধর করেন। পরে পারভেজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার একপর্যায়ে পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের ফুফাতো ভাই বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিল।

এ মামলার পরবর্তী কার্যক্রম এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top