যাত্রাবাড়ীতে নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:০২ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (৪৫)। এ নিয়ে মামলায় মোট তিনজনকে আটক করা হলো।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ মে সকাল ৮টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর বৌবাজার চৌরাস্তা এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
প্রথমে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে ২১ মে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, একাধিক ব্যক্তি ওই নারীর ওপর নির্যাতন চালায়। বিষয়টি পরিবারের কাছে জানানো হলে নিহতের ভাই রাসেল ২২ মে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এর আগে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তারা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বশেষ অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশ-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
