২৯ কার্যদিবসে রায়: শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

মেহেরপুরে পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার দুপুর দেড়টার দিকে ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়। এর মধ্যে সশরীরে ও ভার্চ্যুয়াল ভিডিও কলে মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়, যা তিন দিনে সম্পন্ন হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বাড়ির পাশে মাঠে খাবার দিতে যাওয়ার সময় শাকিল হোসেন তাকে অস্ত্রের ভয় দেখিয়ে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা ইছানুল হক গাংনী থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ শাকিল হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় এই রায় শিশু নির্যাতন প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করবে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন জানান, মামলায় ত্রুটি রয়েছে এবং উচ্চ আদালতে আপিলের সুযোগ আছে।

 


বিষয়:



Top