কোরবানির পশুবাহী গাড়ি জোরপূর্বক হাটে নেওয়া ঠেকাতে নজরদারি জোরদার: র্যাব ডিজি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:০৫ পিএম
কোরবানির পশুবাহী গাড়িকে জোর করে নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়া বা বাধ্য করা যাতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি গাবতলী বাস টার্মিনালও পরিদর্শন করেন।
তিনি বলেন, ঈদুল আজহা ও কোরবানিকে কেন্দ্র করে কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে, সেজন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। এমন কোনো কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব ডিজি আরও জানান, পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হাটগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ঈদের সময় অনেক মানুষ গ্রামের দিকে চলে যাওয়ায় শহরে তুলনামূলক কম ভিড় থাকে। এ সুযোগে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এ কারণে র্যাবের টহল ও নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে।
নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস পদ্ধতিতে লেনদেনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য ওয়াচ টাওয়ার ও কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক নজরদারি চলছে। জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জাল টাকা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
