গৃহবধূ ধর্ষণের অভিযোগে শেরপুরে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:১৭ পিএম

সংগৃহীত

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল মিয়ার বিরুদ্ধে। অভিযোগের পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শনিবার (২৩ মে) রাতে শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তের শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামীসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এনামুল মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাতে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে হেফাজতে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top