রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজ, শেষ পর্যায়ে তদন্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার অভিযোগপত্র আজ আদালতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অভিযোগপত্র প্রস্তুতের কাজ চলছে।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন ফরেনসিক প্রতিবেদন যাচাই করছেন। সবকিছু ঠিক থাকলে আজই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হতে পারে।

শনিবার তদন্তকারী কর্মকর্তা ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন হাতে পান। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, সব ফরেনসিক প্রতিবেদন ইতোমধ্যে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২১ মে রাতে তারেক রহমান রামিসার বাসা পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, রোববারের মধ্যেই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

এদিকে শনিবার রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ঈদের আগেই অভিযোগপত্র দাখিল করা সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে। একই সঙ্গে রামিসার মামলার পাশাপাশি অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি কৌশলে শিশু রামিসাকে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি আলামত নষ্টের চেষ্টা করে পালিয়ে যান।

এনএফ৭১/একে



বিষয়:



Top