রামিসা হত্যা মামলা

ডিএনএ রিপোর্ট আজ পাওয়ার সম্ভাবনা, রোববারের মধ্যেই চার্জশিট দাখিলের প্রস্তুতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএনএ পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, রিপোর্ট হাতে পেলেই দ্রুত চার্জশিট দাখিল করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আজ (শনিবার) পাওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর রোববারের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, “ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলেই আমরা দ্রুত চার্জশিট দাখিল করব।”

জানা যায়, গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় ঘটনাটি ঘটে। পরদিন ২০ মে শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা থানায় মামলা দায়ের করেন।

মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এর আগে ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সোহেল রানার জবানবন্দি রেকর্ড করা হয়। তিনি ঘটনার দায় স্বীকার করেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই মামলার চার্জশিট দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হবে।



বিষয়:



Top