রামপুরার মাদ্রাসাছাত্রের মৃত্যু, অভিযুক্ত শিহাব ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১১:৪৫ পিএম

সংগৃহীত

রাজধানীর রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহ–র মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত জ্যেষ্ঠ ছাত্র মো. শিহাব হোসেন–কে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর প্রাথমিক আলামতে যৌন নির্যাতনের ইঙ্গিত পাওয়া যায়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনাটি ঘটে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা–এ। মঙ্গলবার রাতে মাদ্রাসার একটি বাথরুম থেকে গামছা প্যাঁচানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিহাবের বিরুদ্ধে আগেও কয়েকজন শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় শিশুটির মা টুকু আরা খাতুন রামপুরা থানায় মামলা দায়ের করেন।

বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট আরও ব্যক্তির সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top