সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১১:৪৪ পিএম
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন–কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম আদালতে আসামিকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এ আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করে, তবে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান।
মামলার এজাহার অনুযায়ী, আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় এক ব্যবসায়ী ও তার শ্যালক ভ্যানে কাপড় বিক্রি করছিলেন। এ সময় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। হামলায় রাবার বুলেটের আঘাতে ব্যবসায়ী আহত হন এবং তার শ্যালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হন বলে মামলায় উল্লেখ রয়েছে।
তদন্ত কর্মকর্তার মতে, প্রাথমিকভাবে সাবেক এই সংসদ সদস্যের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল বলে জানা যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:
