ড. আবুল বারকাতের জামিন বহাল, পাসপোর্ট জমার নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৯:১৮ পিএম
২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে ঢাকা জেলা প্রশাসকের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
এর আগে, গত বছরের ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ড. আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ১১ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও ড. আবুল বারকাত যোগসাজশের মাধ্যমে জালিয়াতি করে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ অনুমোদন দেন। পরে বিভিন্ন অনৈতিক উপায়ে ওই অর্থ আত্মসাৎ করা হয়।
অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন আবুল বারকাত। পরে হাইকোর্ট তাকে জামিন দিলে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা জেলা প্রশাসন। তবে আজ সেই আবেদন খারিজ করে জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ছিলেন।
বিষয়:
