বনশ্রীর মাদরাসায় ১০ বছরের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,গ্রেপ্তার ১
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:২২ পিএম
রাজধানীর বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী মো. আব্দুল্লাহ–এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, রামপুরা থানার এসআই একরামুল হকের নেতৃত্বে একটি দল অভিযুক্ত শিক্ষার্থীকে ধরতে অভিযান চালায়। সে মাদরাসা থেকে পালিয়ে টাঙ্গাইলে অবস্থান করছিল। পরে তার বাবার মাধ্যমে যোগাযোগ করে তাকে বেড়ায় ডেকে আনা হয় এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
রামপুরা থানা–র তদন্তকারী কর্মকর্তা এসআই একরামুল হক জানান, মাদরাসা কর্তৃপক্ষ বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে মাদরাসার একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহত শিশু আব্দুল্লাহকেও নির্যাতন করা হয়েছিল এবং মানসিক আঘাত ও অপমানের কারণে সে আত্মহত্যা করতে পারে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সি-ব্লক, বনশ্রী এলাকার আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা–র তৃতীয় তলার বাথরুম থেকে আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, পুরো ঘটনার পেছনের কারণ ও সম্ভাব্য জড়িতদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
