রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৫:০৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে এ নির্দেশনা দেন। বৃহস্পতিবার তিনি নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন ১১ এলাকায় একটি আবাসিক ভবন থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

মামলায় রামিসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার পর স্বপ্নাকে আটক করা হয় এবং পরে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তিনি বিচারকের কাছেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।

এদিকে রামিসার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা গ্রামের বাড়িতে তাকে দাফন করেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top