প্রতারনার অভিযোগে বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:১০ পিএম

সংগৃহীত

রাজধানীর গুলশান থানার প্রতারণার অভিযোগে করা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় দেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হিরন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

রায়ের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে বিদিশা সিদ্দিক বলেন, তিনি এ মামলা সম্পর্কে অবগত নন। তার ভাষায়, মামলার বিষয়ে তার কোনো ধারণাই নেই। আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন বলেও জানান তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালে মিরপুরের এক ব্যবসায়ী বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশা সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়।

অভিযোগে বলা হয়, বিদিশার নির্দেশনায় তার ঘনিষ্ঠ এক ব্যক্তির নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয়। পরবর্তীতে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

মামলায় আরও উল্লেখ করা হয়, পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় সেটি ডিজঅনার হয়।

বাদীর অভিযোগ, এরপর টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে না দিয়ে সময়ক্ষেপণ করা হয়। এমনকি টাকা দাবি করলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ দুই দশকের বেশি সময় আগে হওয়া এই লেনদেনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় অবশেষে এ রায় এলো। তবে রায়ের বিরুদ্ধে আইনিভাবে লড়াই করার কথা জানিয়েছেন বিদিশা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top