মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ বিমানবন্দর থেকে গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:২২ পিএম
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ত্রাস ও শীর্ষ মাদক কারবারি রাজা বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নেপাল থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও বিস্ফোরক আইনসহ মোট ২৯টি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় মাদক সিন্ডিকেট ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছিল এই কুখ্যাত অপরাধী। অতীতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যেত সে।
সবশেষ নেপালে অবস্থান করছিল পিচ্চি রাজা। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই বিমানবন্দরে অবস্থান নেয় মোহাম্মদপুর থানা পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে তার মাদক সিন্ডিকেট, সহযোগী চক্র এবং অবৈধ অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিকে তার গ্রেপ্তারের খবরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
