সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
Mithu Murad | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৪:১৮ পিএম
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। একই সঙ্গে তাদের যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হয়েছে।
আরও জানানো হয়, পৃথক আদেশে এসব কর্মকর্তার আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখও ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এর আগে ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশ বাতিল করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট প্রশাসনিক ভবনে নবগঠিত সচিবালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।
বিষয়:
