আবারও হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:৩০ পিএম

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে ১৪ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো।

রোববার (১৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে আদালত পরবর্তী শুনানির জন্য নতুন দিন ঠিক করেন।

এর আগে ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য-সচিব আবদুল্লাহ আল জাবের ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। পরে আদালত তা গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন এলাকায় বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা অটোরিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি সেখানে মারা যান।

ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপ নেয়।

মামলায় ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে ১৭ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পাঁচজন এখনও পলাতক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বপরিকল্পিত হামলার অভিযোগও আনা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top