মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়-পলকের সাক্ষ্যগ্রহণ আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৪:০১ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩ মে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে সাক্ষী অসুস্থ থাকায় তিনি ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে ওই দিনের কার্যক্রম পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

এ মামলায় পলক কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই পরিচালনা করছেন।

গত ২৬ এপ্রিল পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তার জবানবন্দির জেরা সম্পন্ন হয়। ওই দিন তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে ১৯ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক কার্যক্রম চালানো হয় বলে দাবি করা হয়েছে। এরপর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও সহায়তার অভিযোগও আনা হয়েছে।

এসব ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একইসঙ্গে উত্তরা এলাকায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও রয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল–১। গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগপত্র গ্রহণ করে আদালত।

এনএফ৭১/একে



বিষয়:



Top