জুলাই গণঅভ্যুত্থান মামলায় ওবায়দুল কাদেরসহ আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:০৫ পিএম
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ রোববার (১৭ মে) যুক্তিতর্ক শুরু হবে।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রথমে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। পরে আসামিপক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে।
গত ২৭ এপ্রিল এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের জেরা সম্পন্ন করেন সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। ১৯ এপ্রিল তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।
সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আজকের দিনকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এনএফ৭১/ওতু
বিষয়:
