আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় ড. হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

একই রায়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডা. সারোয়াত হোসেন, সাবেক এডিসি আবু মারুফ হোসেন এবং সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারীকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এ নিয়ে মামলার ৩০ আসামির মধ্যে ড. হাসিবুর রশীদসহ মোট ৭ জন গ্রেপ্তার হলেন। বাকি আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা। এখনো ২৩ জন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ২০২৪ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বিপুল পরিমাণ গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top