প্রিজনভ্যান দুর্ঘটনা: পলকের ঘাড়ে দুটি, কোমরে ৩টি হাড় সরে গেছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:৩৭ এএম
প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘাড় ও কোমরে গুরুতর সমস্যা ধরা পড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে সংঘটিত ওই দুর্ঘটনার পর করা এমআরআই পরীক্ষার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার পলকের আইনজীবী তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর আদালতে আবেদন করা হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাজধানীর পিজি হাসপাতালে পলকের এমআরআই পরীক্ষা করা হয়। পরে তারা সেই প্রতিবেদন হাতে পান।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, প্রতিবেদনে পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে সমস্যার আলামত পাওয়া গেছে। পাশাপাশি ঘাড়ের সি-৫/৬ ও সি-৬/৭ ডিস্কেও জটিলতা শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, পলক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত শনিবার কারাগারে গিয়ে দেখা করলে তিনি স্বাভাবিকভাবে ঘাড় নাড়াতে পারছিলেন না।
এদিকে এমআরআই প্রতিবেদনে গুরুতর সমস্যার বিষয়টি উঠে এলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেন তার আইনজীবী। পলকের সুচিকিৎসা নিশ্চিত করতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:
