সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আরও দুই মামলায় জামিন শুনানি আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৩৮ পিএম
এ বি এম খায়রুল হক-এর বিরুদ্ধে করা আরও দুই মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানি আজ মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত হবে হাইকোর্টে।
শুনানি হবে বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে।
এর আগে চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা মামলাগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা খারিজ হয়।
সর্বশেষ নিম্ন আদালতে নতুন করে যাত্রাবাড়ী ও মিরপুর থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে তিনি আবারও জামিন আবেদন করেন।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়, যার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ।
তিনি ২০১০ সালে বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালে অবসরে যান। পরবর্তীতে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
