সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি বুবলী আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ০২:১৯ এএম
রাজধানীর তেজগাঁও থানা এলাকায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী-কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামিকে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু জামিনের আবেদন জানিয়ে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং তিনি দুই সন্তানের মা, তাই মানবিক বিবেচনায় জামিন দেওয়া উচিত।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর বিজয় সরণি এলাকায় একটি রাষ্ট্রবিরোধী মিছিল, উসকানিমূলক স্লোগান এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন ১০ জনকে এজাহারনামীয় এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে তামান্না নুসরাত বুবলী আরেকটি মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন বলেও জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
