গহনার লোভে কিশোরীকে খুন, ঘাতক আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:১২ এএম
ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তার (১৬) হত্যার ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইন জুয়ায় আসক্তি থেকে ঋণের চাপে পড়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধামরাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খান।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় ভাড়া বাসার একটি কক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। ভুক্তভোগী নাহিদা আক্তার ওই বাসায় নানীর সঙ্গে থাকতেন এবং ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন।
তদন্তে জানা গেছে, ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচিত হিসেবে ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করে টাকা ধার চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে আক্রমণ করেন এবং ধারালো অস্ত্র ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে তার পরনে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।
নিহত শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকার দুল, এক লাখ টাকার চেইন ও একটি আঙটি লুট করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই চাপ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটান বলে স্বীকারোক্তি দিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি।
এনএফ৭১/ওতু
বিষয়:
