সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা বিমানবন্দর থেকে আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ পিএম
ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় সংঘটিত আলোচিত রাফি করিম খান হত্যা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর ভাতিজা। তিনি পুলিশের কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতনের সময় তিনি আত্মগোপনে চলে যান।
তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, তবে বাতেন নামের আরেক আসামি এখনও পলাতক।
তদন্তসংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার আসামি আলামিন তার স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন যে, মিজানুর রহমানের মুঠোফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন জানান, মিজানুর প্রায় ১১ মাস ধরে পলাতক ছিলেন এবং অন্য একটি দেশের মাধ্যমে জার্মানিতে পালানোর চেষ্টা করছিলেন।
অন্যদিকে, নিহত রাফি করিম খানের মা আনোয়ারা খানম অভিযোগ করেন, সম্পত্তি দখলের উদ্দেশ্যে মিজানুর রহমানের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি তার ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
