আবারও ৪ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ এএম

সংগৃহীত

রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের-কে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত কর্মকর্তা এসআই মো. তোফাজ্জল হোসেন জানান, মামলার নেপথ্যের কুশীলব শনাক্ত ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রাষ্ট্রপক্ষ দাবি করে, দায়িত্বে থাকা অবস্থায় তিনি সহিংসতায় সম্পৃক্ত ছিলেন। তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে রিমান্ডের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ ডিসেম্বর পল্টনে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে মকবুল হোসেন নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top