একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: আপিলে খালাস পেলেন খান আকরাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ এএম
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
এর আগে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে সর্বোচ্চ আদালত শুনানি শেষে তাকে খালাস দেন।
মামলায় ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে খান আকরাম হোসেন, শেখ মোহম্মদ উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা কারাগারে ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাদের সাজা ঘোষণা করেন।
আসামিদের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল। ২০১৭ সালের ৩১ মে অভিযোগ আমলে নেওয়ার পর বিচার শুরু হয়।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের বিভিন্ন সময়ে বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া এলাকায় রাজাকার ও পাকিস্তানি বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নিরীহ-নিরস্ত্র মানুষদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়। একাধিক গ্রামে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা এবং নারীদের রাজাকার ক্যাম্পে আটকে নির্যাতনের অভিযোগও ছিল মামলায়।
দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে খান আকরামকে খালাস দেন। রায়ের ফলে এ মামলার আইনি প্রক্রিয়ায় নতুন মোড় সৃষ্টি হলো।
এনএফ৭১/একে
বিষয়:
