নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: তাজুল ইসলাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পিএম
নির্বাচিত সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া স্বাভাবিক—এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে চলমান বিচার প্রক্রিয়া যেন কোনোভাবেই থেমে না যায়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব পেয়েছিলেন। এখন নতুন সরকার এসেছে, তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব বণ্টন করাই স্বাভাবিক। নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সহযোগিতা ও পরামর্শ দিতে প্রস্তুত আছেন।
তাজুল ইসলাম বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবেও তিনি চান বিচার কার্যক্রম অব্যাহত থাকুক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে। ছাত্রজনতা ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি জানান, শুরুতে তাকে বলা হয়েছিল আগের মতোই দায়িত্ব পালন করতে। পরে নতুন কেউ দায়িত্বে আসবেন জানতে পেরে তিনি সংশ্লিষ্টদের কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান। তবে তাকে পদত্যাগ না করতে বলা হয় এবং নতুন নিয়োগের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা জানানো হয়। পদত্যাগ করলে ভিন্ন বার্তা যেতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
এ পর্যন্ত ট্রাইব্যুনালে উপস্থাপিত যুক্তি-প্রমাণ বিশ্বের যেকোনো আদালতে উপস্থাপন করা হলে আসামিদের সর্বোচ্চ শাস্তি হতে পারে বলেও দাবি করেন তাজুল ইসলাম। তিনি বলেন, পুরো প্রসিকিউশন টিম ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, এখানে কোনো গ্রুপিং ছিল না।
সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি আবারও আইন পেশায় ফিরে যাবেন বলেও জানান বিদায়ী এই চিফ প্রসিকিউটর।
এনএফ৭১/একে
বিষয়:
