সামিসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আদেশ আজ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫৩ পিএম
সংবাদমাধ্যম আলজাজিরায় প্রচারিত রাষ্ট্র ও সরকারবিরোধী প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট জুলকারনাইন তাসনিম খলিল, ডেভিড বার্গম্যান, মোস্তেফা স্যোউয়াগ ও শায়ের জুলকারনাইন ওরফে সামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণের বিষয় আদেশের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম মামলা গ্রহণের বিষয় আদেশ দেবেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারক আশেক ইমাম এ দিন ধার্য করেন। বুধবার ঢাকা মহানগর আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে সুনামহানি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে অপপ্রচার চালিয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধে লিপ্ত আছে।
তারা যৌথভাবে তাদের অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ভুয়া মিথ্যা তথ্য-সম্বলিত প্রতিবেদন তৈরি করে গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ নামে বাংলাদেশ রাষ্ট্র ও সরকারবিরোধী একটি প্রতিবেদন প্রচার করে এবং উক্ত প্রতিবেদন ইউটিউবেও ব্যাপকভাবে প্রচার করা হয়। যা পরদিন বিভিন্ন মুদ্রিত ও অনলাইন পত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
অন্যদিকে, আলজাজিরা টেলিভিশন চ্যানেলে বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক-ইউটিউবসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।
এনএফ৭১/জেএস/২০২১
