রাজধানীতে মা–মেয়ে হত্যা: মুখ ঢাকা নারী গৃহকর্মী এখনো শনাক্ত হয়নি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত নারী গৃহকর্মীকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, চার দিন কাজ করার পুরো সময়টিতেই তিনি বোরকা বা মুখঢাকা অবস্থায় বাসায় যাতায়াত করতেন। ফলে সিসিটিভি ফুটেজেও তার মুখ স্পষ্ট দেখা যায়নি।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের চার দিন আগে ওই নারী গৃহকর্মী বাসায় কাজ নেন। পুরো সময়ই তিনি এমনভাবে মুখ ঢেকে চলাফেরা করতেন যে বাসার সদস্য লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নাফিসা ছাড়া কেউ তার মুখ দেখেনি। এ কারণে তার নাম–পরিচয়, ঠিকানা বা কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় নিজ বাসায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন লায়লা আফরোজ ও তাঁর মেয়ে নাফিসা। ঘটনার সময় লায়লার স্বামী, শিক্ষক আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। ভোরে তিনি উত্তরা যাওয়ার পর স্ত্রীকে ফোনে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে এসে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে মৃত অবস্থায় এবং বাসার ফটকে গুরুতর আহত মেয়েকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাফিসাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় আজিজুল ইসলাম ওই নারী গৃহকর্মীকেই একমাত্র আসামি হিসেবে উল্লেখ করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি নিশ্চিত হয়েছেন যে ওই নারীই ধারালো অস্ত্র দিয়ে মা–মেয়েকে হত্যা করেছেন।
মঙ্গলবার বেলা তিনটার দিকে নাটোরে জানাজা শেষে মা–মেয়েকে দাফন করা হয়। মরদেহ এলাকায় পৌঁছালে আত্মীয়স্বজন, পাড়া–প্রতিবেশীসহ বহু মানুষ একনজর দেখতে ভিড় করেন। সবাই কান্নায় ভেঙে পড়েন। জানাজার আগে নিহতদের স্বজনরা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
বিষয়:
