হাসিনার বিরুদ্ধে দুদকের আরেক মামলার রায় সোমবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলার রায় সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। এই মামলাটি রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা হয়।
রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। প্রথমে ১৫ জনকে আসামি করা হয়, পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন:
-
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার
-
সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার
-
অতিরিক্ত সচিব অলিউল্লাহ
-
সচিব কাজী ওয়াছি উদ্দিন
-
রাজউকের সাবেক চেয়ারম্যান পিএ মো. আনিছুর রহমান মিঞা
-
সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন
-
মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী
-
সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম
-
সহকারী পরিচালক মাজহারুল ইসলাম
-
উপপরিচালক নায়েব আলী শরীফ
-
সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. সালাহ উদ্দিন
-
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
এর আগে, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে ১৮ মাসের কারাদণ্ডে রূপান্তরিত হবে।
বিষয়:
