‘জয় বাংলা ব্রিগেড’ রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম
‘জয় বাংলা ব্রিগেড’ নামক অনলাইন প্ল্যাটফর্মের রাষ্ট্রদ্রোহ মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা ও স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ক্ষমতা পায়। পরবর্তীতে সিআইডি বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করে।
তিনি জানান, তদন্তে উঠে এসেছে—‘জয় বাংলা ব্রিগেড’ নামের ওই অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
তদন্ত চলাকালে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত তথ্য ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে বলে জানান জসীম উদ্দিন খান।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭নং আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে পলাতক ঘোষণা করে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আদালতের ওই আদেশ অনুযায়ী শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সূত্র: সিআইডি মিডিয়া সেল
বিষয়:
